ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার সেরেনা
প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দিয়েই ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস।
রোববার 'ক্লে কোর্টের' একমাত্র এই গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিনে সুইজারল্যান্ডের ফেদেরার ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার লুকাস লাকোকে। আর মেয়েদের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন ফ্রান্সের আলিজে লিমকে।
দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও। সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। মেয়েদের এককের পরের রাউন্ডে আরো উঠেছেন তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।
পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে ফেদেরারের সঙ্গী ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ, অষ্টম বাছাই কানাডার মিলোস রায়োনিচ, দশম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার ও ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
