২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলবেনই সুয়ারেস

বিশ্বকাপের ঠিক আগেই লুইস সুয়ারেসের হাঁটুতে অস্ত্রোপচার, দারুণ শঙ্কায় তাই উরুগুয়ের সমর্থকরা। তবে লিভারপুলের তারকা এই স্ট্রাইকার হাল ছাড়েননি। জানিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ তিনি খেলবেনই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 06:29 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

সুয়ারেসের চোটের জন্য ডামেটকে মৃত্যুর হুমকি
শঙ্কায় সুয়ারেসের বিশ্বকাপ

বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী সুয়ারেস টুইটারে লিখেছেন, “আমার স্বপ্ন এখনও ভাঙেনি, আমি ওখানে (ব্রাজিল) থাকবই।”

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন লিভারপুলের এই তারকা। ওই ম্যাচে সুয়ারেসকে ফাউল করে লালকার্ড দেখেছিলেন ডামেট। ম্যাচের বাকি সময়টা অবশ্য ঠিকই খেলেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা।

Image
অস্ত্রোপচারের পর হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন লুইস সুয়ারেস।

অস্ত্রোপচারের পর হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন লুইস সুয়ারেস।

সমস্যাটা ধরা পড়ে গত সপ্তাহে জাতীয় দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে, হাঁটুতে ব্যাথা টেন পান তিনি। এরপরই তার পায়ে এমআরআই স্ক্যান করা হলে হাঁটুতে চোট ধরা পড়ে। দলের চিকিৎসকরাও সময়ক্ষেপন না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারটা ছোট হলেও এর থেকে সেরে উঠতে সাধারণত ১৫ থেকে ২০ দিন সময় লাগে। তাই আগামী ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই সুয়ারেসের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তবে মাঝে অনুশীলন না করতে পারায় বিশ্বকাপে তার শতভাগ ফিট থাকা নিয়ে যথেষ্ট সংশয়ও আছে।

২০১০ সালের বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা দেশটি এবার সুয়ারেসকে ঘিরেই স্বপ্ন দেখছে।  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ উজ্জ্বল ছিলেন সুয়ারেস। ১১টি গোল করেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ এই গোলদাতাকে ঘিরে উরুগুয়ের আক্রমণভাগের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ অস্কার তাবারেস। তাই সুয়ারেসের আত্মবিশ্বাসে আশায় বুক বাধতে পারে উরুগুয়েবাসী।