সুয়ারেসের চোটের জন্য ডামেটকে মৃত্যুর হুমকি
লুইস সুয়ারেসের ওপর অনেকটাই নির্ভর করছে উরুগুয়ের বিশ্বকাপ সাফল্য। দলের সবচেয়ে বড় এই তারকার চোটের জন্য দায়ী কাউকে ক্ষমা করার কথা নয় দেশটির সমর্থকদের। নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার পল ডামেট তাই আছেন ভীষণ বিপদে। লিভারপুল স্ট্রাইকার সুয়ারেসের চোটের জন্য দায়ী করে তাকে মৃত্যুর হুমকি দিয়েছে উরুগুয়ের কিছু সমর্থক।
বৃহস্পতিবার সুয়ারেসের হাঁটুতে অস্ত্রোপচার করার পর তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দেয়।
'ডি' গ্রুপে ১৪ জুন কোস্টা রিকার বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯ জুন পরের ম্যচটিই ইংল্যান্ডের বিপক্ষে।
উরুগুয়ে দলের প্রথম দিনের অনুশীলনে হাঁটুতে সমস্যার কথা জানান সুয়ারেস। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে খেলার সময় চোট পান লিভারপুলের এই তারকা। ওই ম্যাচে সুয়ারেসকে ফাউল করে লালকার্ড দেখেছিলেন ডামেট।
ব্রিটিশ গণমাধ্যমে বলা হয়, চোট সারাতে সুয়ারেসের হাঁটুতে অস্ত্রোপচার করতে হওয়ার পর থেকে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ডামেটকে হুমকি দেয়া শুরু হয়। ফুটবল কর্তৃপক্ষকে এরই মধ্যে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ওয়েলসের ২২ বছর বয়সী এই ফুটবলার।
২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের অস্ত্রোপচারটা অবশ্য ছোটই। অস্ত্রেপচারের পর সেরে উঠতে সুয়ারেসের ২০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিশ্বকাপে খেলার আশা এখনও করছেন তিনি।
ডামেটের ফাউলে লুটিয়ে পড়ছেন সুয়ারেস।
লাল কার্ড দেখলেন ডামেট।
২০১০ সালের বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা উরুগুয়ে দলের সদস্য সুয়ারেসকে ঘিরেই এবার স্বপ্ন দেখছে সে দেশের মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাকে ঘিরে উরুগুয়ের আক্রমণভাগের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ অস্কার তাবারেস।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা (১১ গোল) চূড়ান্ত লড়াই শুরুর আগেই চোটে পড়ায় উরুগুয়ে দলে দুশ্চিন্তা ঢুকে যাওয়া তাই স্বাভাবিকই।
