শঙ্কায় সুয়ারেসের বিশ্বকাপ
বিশ্বকাপ শুরুর আগেই উরুগুয়ের স্বপ্নে বড় এক ধাক্কা লাগল। অনুশীলনের সময় দলটির সেরা ফরোয়ার্ড লুইস সুয়ারেস হাঁটুতে চোট পেয়েছেন। বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উরুগুয়ের একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার তার হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে।
বুধবার এমআরআই স্ক্যানে সুয়ারেসের হাঁটুতে চোট ধরা পড়লে সময়ক্ষেপন না করে দলের চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে উরুগুয়ের অভিযান শুরু হবে ১৪ জুন, কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। 'ডি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি।
২০১০ সালের আসরে সেমি-ফাইনালে ওঠা উরুগুয়ে দলের সদস্য সুয়ারেসকে ঘিরেই এবার স্বপ্ন দেখছে সে দেশের মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাকে ঘিরে উরুগুয়ের আক্রমণভাগের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ অস্কার তাবারেস।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা (১১ গোল) চূড়ান্ত লড়াই শুরুর আগেই চোটে পড়ায় উরুগুয়ে দলে দুশ্চিন্তা ঢুকে যাওয়া তাই স্বাভাবিকই।
