কাতার বিশ্বকাপ নিয়ে আবারো ভুল স্বীকার ব্লাটারের
কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজন করতে দেয়াটা 'ভুল' হয়েছে বলে আবারও স্বীকার করেছেন ফিফা সভাপতি জেপ ব্লাটার। অসহনীয় গরমের কারণে কাতার বিশ্বকাপ শীতকালে সরিয়ে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
সুইজারল্যান্ডের টিভি চ্যানেল আরটিএসকে এক সাক্ষাৎকারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, "অবশ্যই এটা একটা ভুল ছিল। আর একজন জীবনে অনেক ভুলই করে।
ভুল হলেও এটা যে তার নিজের হাতে ছিল না, ব্লাটার সেটিও ব্যাখ্যা করতে চাইলেন।
"কারিগরী কমিটির প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছিল গ্রীষ্মে কাতারে তীব্র গরম থাকে। কিন্তু নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্যই টুর্নামেন্টটা কাতারে করার সিদ্ধান্ত নিয়েছিল।"
কাতার বিশ্বকাপ ইউরোপের শীতকালে নেয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ৭৮ বছর বয়সী ব্লাটার বলেন, " এর সম্ভাবনা আছে। আসলে, এর সম্ভাবনা অনেকটাই আছে।"
এ বছরের জানুয়ারি মাসে ফিফার মহাপরিচালক জেরোম ভালকে বলেছিলেন, কাতার বিশ্বকাপ গ্রীষ্মে আয়োজন করা হবে না। নভেম্বর থেকে জানুয়ারি মাসের যেকোনো সময় হতে পারে এটা। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা ব্রাজিল বিশ্বকাপের পরই নেয়া হবে বলে জানায় ফিফা।
বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রচণ্ড তাপমাত্রায় বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক চলছিল।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে গত অক্টোবরে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে খেলা হলে তা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এরই প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসক, খেলা সম্প্রচারকারী, স্পন্সর ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচি নিয়ে আলোচনা করবে।
উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে।
কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা।
এর আগে ১৯টি বিশ্বকাপের কোনোটিই মে, জুন বা জুলাই মাসের বাইরে হয়নি।
২০১০ সালের ডিসেম্বরে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পায় কাতার।
