শীতকালে বিশ্বকাপ আয়োজনের পক্ষে উয়েফা
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ শীতকালে আয়োজনের পরিকল্পনা ফিফার। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও মনে করে, জুন-জুলাইয়ের তীব্র গরমে কাতারে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত উয়েফার এক সভায় সংগঠনটির ৫৪টি সদস্য এ বিষয়ে একমত হয়েছে।
গ্রীষ্মকালে কাতারের ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিকে ইঙ্গিত করে ফিফার সহ-সভাপতি জিম বয়েস বলেন, “এই সভা থেকে যা বেরিয়ে এসেছে তা হলো, কাতারে গ্রীষ্মকালে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রত্যেকে এই বিষয়ে একমত পোষণ করেছেন।”
বয়েস অবশ্য জানিয়েছেন যে শীতকালে বিশ্বকাপ আয়োজনের পক্ষে উয়েফার সবাই একমত হলেও তা ২০২২ সালের জানুয়ারিতে হবে, নাকি নভেম্বর-ডিসেম্বরে, তা নিয়ে বিতর্ক চলছে।
বৃটিশ ফুটবল সংস্থাগুলো চাইছে তাদের ঘরোয়া লিগের সময়সূচী ঠিক-ঠাক থাকা নিশ্চিত করতে। অন্যদিকে উয়েফা বিশ্বকাপ জানুয়ারিতে আয়োজনের পক্ষে। তাহলে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ওপরে কোনো আঁচড় পড়বে না।
তবে আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বয়েস সিদ্ধান্তটা নেয়ার জন্য ফিফাকে সময় দেয়ার পক্ষপাতী।
তিনি বলেন, “এখনো নয় বছর বাকি আছে। আমরা মনে করি ফিফার উচিৎ সব প্রধান সদস্যের সঙ্গে আলোচনায় বসে সমাধান খুঁজে বের করা। ফুটবলের যেন খুব সামান্য ক্ষতি হয় সেটাই আমাদের কাম্য।”
“এখনো অনেক সময় আছে। আশা করি শেষ পর্যন্ত ফুটবলই বিজয়ী হবে।”
আগামী ৩ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
২০১০ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার পর থেকেই এই বিতর্কের শুরু। তবে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলা আয়োজনের কথা জানিয়ে কয়েক দিনের মধ্যেই বিতর্কের ইতি টানে কাতারের ফুটবল কর্তৃপক্ষ।
কিন্তু কিছু দিন পর আবার তা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার গ্রীষ্মের পরিবর্তে শীতকালে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানান।
কিন্তু বিরোধ বাধে ঘরোয়া লিগের সূচীর কারণে। শীতকালে লিগ এবং অন্যান্য প্রতিযোগিতা চলায় ইউরোপের দেশগুলো এ ব্যাপারে অনীহা প্রকাশ করে।
শেষ পর্যন্ত উয়েফা ফিফার পরিকল্পনায় সাড়া দিলেও অস্ট্রেলিয়া শীতকালে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে মত দিয়েছে। কারণ তাদের ঘরোয়া লিগের ব্যস্ততা।
