২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্বকাপ: ফিফার টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 08:18 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে সময়সূচি পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০১৪ বিশ্বকাপের পর।

গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়েছে অনেকগুলো দেশ। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে খেলা হলে তা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে স্বীকার করেছেন। শীতকালে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আর তারই প্রেক্ষিতে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিকিৎসক, খেলা সম্প্রচারকারী, স্পন্সর ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচী নিয়ে আলোচনা করবে।

টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পায় কাতার।

পুরনো খবর:

বিশ্বকাপের সূচি পাল্টাতে রাজি কাতার