ফুটবল লেখকদেরও সেরা সুয়ারেস
গত মাসে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের(পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন লু্ইস সুয়ারেস। এবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা নির্বাচিত হলেন লিভারপুলের স্ট্রাইকার।
১৯৪৭ সালে ইংল্যান্ডের ফুটবল সাংবাদিকদের নিয়ে সংগঠনটি গড়ে ওঠে। তার পরের বছর থেকেই ইংলিশ ফুটবলে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে আসছে সংগঠনটি।
এবারই প্রথমবারের মতো এই পুরস্কারটি পেলেন সুয়ারেস। সবার সেরা নির্বাচিত হতে ৫২ শতাংশ ভোট পেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। সেরা তিনে সুয়ারেসের পরেই আছেন তার ক্লাব সতীর্থ ইংল্যান্ডের তারকা স্টিভেন জেরার্ড আর তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে।
গত মৌসুমে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস। এ মৌসুমে প্রথম ৬টি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবু ৩০ গোল করে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
আর তার এই দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি।
