২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালকে রুখে দিল ফেনী সকার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে রুখে দিয়েছে ফেনী সকার ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 09:20 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

দুই গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি শেখ জামাল। দুটি গোলই শোধ করে দেয় স্বাধীনতা কাপের ফাইনালে উঠে চমকে দেয়া দলটি।

ম্যাচের ১৪ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে। সনি নর্দের বাড়িয়ে দেয়া বলে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৩০ মিনিটে শেখ জামালের ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে সেই ওয়েডসনেরই পা থেকে। মিডফিল্ডার শাহেদুল আলমের কাছে থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে জড়ান তিনি।

২ মিনিট পরই ফেনী সকার একটি গোল শোধ করেন ফেনী সকারের নাইজেরীয় ফরোয়ার্ড চুকা চার্লস।

ম্যাচের ৩৫তম মিনিটে খেলাতে সমতাও ফেরায় ফেনী সকার। ডিফেন্ডার রমজান আলী মোল্লার ফ্রি-কিকে গাম্বিয়ার ফরোয়ার্ড কাবা জুবে চমৎকার হেডে গোল করেন।

ম্যাচের ৪০ মিনিটে ফেনী সকার এগিয়েও যেতে পারতো। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর চমৎকার ফ্রি-কিকে রুখে দেন শেখ জামাল গোলরক্ষক জিয়াউর রহমান।

দ্বিতীয়ার্ধে শেখ জামাল মরিয়া হয়ে ওঠে ব্যবধান বাড়াতে। ৭৫তম মিনিটে ওয়েডসনের ক্রসে বক্সের মধ্যে সনি নর্দে মাথা ছোঁয়ালেই জালে জড়াতো বল। ফেনী গোলরক্ষকের সামনে পাওয়া সুযোগ এই হাইতিয়ান কাজে লাগাতে না পারায় শেখ জামালের দারুণ একটি প্রচেষ্টা নষ্ট হয়ে যায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে ভারতের আইএফএ শিল্ডে রানার্সআপ হওয়া দলটি। বেশ কয়েকটি আক্রমণ থেকেও ফেনীর সুদৃঢ় রক্ষণভাগ ভেঙে আর কোনো গোল আদায় করতে পারেনি তারা।

এই ড্রয়ের ফলেও ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। লিগে এটি তাদের চতুর্থ ড্র। শিরোপা-প্রত্যাশি দলটি জিতেছে ৮টি ম্যাচ। ফেনী সকার সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

এই ড্রয়ে হতাশ শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি বলেন, “রক্ষণভাগের ভুলেই মূলত আমরা এদিন জিততে পারিনি। এরকম একটি ম্যাচে জয় পাওয়ার জন্য দুই গোলেই যথেষ্ট। কিন্তু আমাদের খেলোয়াড়রা পারেনি।”

শেখ জামালের মতো একটি দলের সঙ্গে ড্রকে জয় পাওয়ারই সমান মনে করছেন ফেনীর গাম্বিয়ান কোচ ওমর কে সিসে।

“এই ড্র আমরা দারুণ খুশি। আশা করছি, ভবিষ্যতেও খেলোয়াড়রা এই ধারা অব্যাহত রাখবে।”