২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি স্টেডিয়ামে নীল টার্ফ বসছে

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নীল টার্ফ বসানো হচ্ছে। এই টার্ফ বসানোর কাজ শুরু হবে সেপ্টেম্বরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:49 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

এরই অংশ হিসেবে শুক্রবার হকি স্টেডিয়াম ঘুরে দেখেন টার্ফটি সরবরাহকারী অস্ট্রেলিয়ার পলিটন কোম্পানির বিপণন কর্মকর্তা ব্রায়ান ম্যাকলাখলিং।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সহায়তায় এই টার্ফ পাচ্ছে বাংলাদেশ। টার্ফ বসাতে প্রায় তিন লাখ ডলার খরচ হবে, যার ৭৫ হাজার ডলার দিচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এই টাকা ছাড়ও পেয়েছে হকি ফেডারেশন।

শুক্রবার হকি মাঠ ঘুরে দেখে পলিটন কর্মকর্তা বলেন, “মাঠের পরিবেশ দেখে ভালোই লাগছে। তাছাড়া মাঠের পরিধিও ঠিক আছে। এমন মাঠে নীল টার্ফ বসাতে খুব একটা সমস্যা হবে না। আশা করছি, সেপ্টেম্বরেই টার্ফ বসানোর কাজ শুরু করে দিতে পারবো।”

ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এবং ঢাকায় পলিটনের এজেন্ট দ্য নিউ মডার্ন বিল্ডার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তা খুরশিদ আলমও এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বরের শুরুতেই ঢাকায় হওয়ার কথা বিশ্ব হকি লিগের প্রথম পর্ব। এরপরেই নীল টার্ফ বসানোর কাজ শুরু হবে। এতে সময় লাগতে পারে প্রায় পাঁচ সপ্তাহ।

নভেম্বরে এশিয়ান অনূর্ধ্ব-১৯ হকি টুর্নামেন্ট ঢাকায় বসতে পারে। তার আগেই টার্ফ বসানোর কাজ শেষ হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।