সিদ্দিকুরকে সংবর্ধনা
ইউরেশিয়া কাপে সাফল্য পাওয়া সিদ্দিকুর রহমানকে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গলফ ফেডারেশন, গ্রামীণফোন ও কুর্মিটোলা গলফ ক্লাব।
মালয়েশিয়ায় ইউরেশিয়া কাপের প্রথম আসরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় এশিয়া ও ইউরোপ। সিদ্দিকুর এশিয়ার হয়ে দারুণ নৈপুণ্য দেখান।শেষ রাউন্ডের দারুণ নৈপুণ্যে ট্রফিটা ইউরোপে যাওয়া ঠেকিয়েছে সিদ্দিকুরের দল এশিয়া। টুর্নামেন্টে দুই দলেই ১০ জন করে গলফার খেলে।সিদ্দিকুর বলেন, “কোনো প্রতিযোগিতায় ভালো করলে যদি পরবর্তীতে উৎসাহ পাওয়া যায়, তাহলে আরও ভালো লাগে। এটি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।”“প্রতিযোগিতায় নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পেরেছি বলে ভালো লাগছে। এশিয়া ও ইউরোপের সেরা গলফারদের মধ্যে এমন পারফরম্যান্স দেখাতে পারাটা কম অর্জনের নয়,” যোগ করেন দেশসেরা এই গলফার।শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। কুর্মিটোলা গলফ ক্লাব ও গ্রামীণফোন কর্মকর্তারাও ছিলেন সেখানে।বিওএ মহাসচিব বলেন, “টুর্নামেন্টে সিদ্দিকুরের এই নৈপুণ্য গলফ বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। আশা করছি ভবিষ্যতেও এমন পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি।”
