ইন্টারের হতাশার ড্র
ইন্টার মিলানকে তাদের মাঠ সান সিরোতে হতাশায় ডুবিয়েছেন সিমোনে স্কাফ্ফেত। ১৭ বছর বয়সী এই গোলরক্ষকের দুর্দান্ত সব সেভের কারণেই উদিনেজের সঙ্গে গোলশূন্য ড্রর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মিলানকে।
বৃহস্পতিবার ইতালির সেরি আতে নিজেদের মাঠে ক্লাব সভাপতি এরিক থোহিরের সামনে খেলতে নেমেছিল ইন্টার। ইন্দোনেশিয়া থেকে উড়ে আসা ক্লাব সভাপতিকে প্রথমার্ধে ভালো কিছু উপহার দিতে পারেনি তারা।
জয় পেতে মরিয়া ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ কিছু ভালো আক্রমণ করেছিল। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান উদিনেজের ১৭ বছর বয়সী গোলরক্ষক স্কাফ্ফেত।
হার্নানেসকে দুবার গোলবঞ্চিত করা স্কাফ্ফেত ৮৭ মিনিটে এস্তেবিয়ান কাম্বিয়াসোর কাছ থেকে নেয়া শটও ফিরিয়ে দিয়েছেন। মাউরো ইকার্দির তীব্র গতির হেড ফিরিয়ে বাঁচিয়েছেন প্রায় নিশ্চিত গোল।
এই ড্রর পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়ল ইন্টার মিলান। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে ইন্টারের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ফিওরেন্তিনা ও নাপোলি তাদের চেয়ে ৩ ও ১৩ পয়েন্ট এগিয়ে। চতুর্থ স্থানে থাকা ফিওরেন্তিনার পয়েন্ট ৩০ ম্যাচে ৫১। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
