২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভান্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল

আগের দিন বার্সেলোনা হেরে গেলেও রিয়াল মাদ্রিদ কোনো ভুল করেনি। ঘরের মাঠে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে আবার স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 02:02 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

রোববার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের একাদশ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে দেন রিয়ালকে। ফিফা ব্যালন ডি’অর জয়ীর এটা মৌসুমে ৩৮ ও লিগে ২৪তম গোল। লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেও আছেন এই পর্তুগিজ তারকা।৪৯ মিনিটে ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলোর গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি লা লিগার রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের।ম্যাচের ৬৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার ডাভিদ নাভারোর লাল কার্ড দশ জনের দলে পরিণত করে লেভান্তেকে। আর ৮১ মিনিটে গ্রিক ডিফেন্ডার নিকোস কারাবেলাসের আত্মঘাতী গোল সহজ জয় নিশ্চিত করে দেয় রিয়ালের।শনিবার রাতে রিয়াল ভায়াদোলিদের কাছে বার্সেলোনা ১-০ গোলে হেরে গেলেও ডাভিদ ভিয়ার জোড়া গোলে সেলতা ভিগোকে হারায় আতলেতিকো। তখন রিয়ালের সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এক দিনের জন্য হলেও শীর্ষে উঠে গিয়েছিল আতলেতিকো। এখন ২৭টি করে ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৬৭, ৬৪ ও ৬৩। তিন দলেরই ১১টি করে ম্যাচ বাকি।রোববার লা লিগার অন্য ম্যাচগুলোতে সেভিয়া ৩-১ গোলে আলমেরিয়াকে ও এসপানিয়ল একই ব্যবধানে এলচেকে হারিয়েছে।