মেসি-নেইমারের গোলে শীর্ষে বার্সেলোনা
আবারো জোড়া গোল করেছেন লিওনেল মেসি। চোট থেকে ফিরে খেলতে নেমেই গোল পেয়েছেন নেইমার। রায়ো ভায়েকানোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আবার লা লিগার শীর্ষে পৌঁছেছে বার্সেলোনা।
আতলেতিকোর স্বস্তির জয়
ক্যাম্প নউতে শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটে দূর থেকে নেয়া কোনাকুনি শটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেফট-ব্যাক আদ্রিয়ানো। এরপর মেসির জাদুর ছোঁয়া। সেস ফাব্রেগাসের বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে লব করে বল জালে পাঠিয়ে দেন চার বারের এই বিশ্বসেরা ফুটবলার।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মেসির পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেস। ইনিয়েস্তা-ফাব্রেগাসের দারুণ বল দেয়া নেয়া থেকে চতুর্থ গোলটি করেন পেদ্রো।
মেসির দ্বিতীয় গোলটিও বার্সেলোনার দারুণ দলীয় আক্রমণের ফসল, যার মাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক এখন লা লিগার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
তবে ম্যাচের শেষ ও সবচেয়ে দর্শনীয় গোলটি আসে নেইমারের একক প্রচেষ্ঠায়। ঠিক মাঝমাঠের বৃত্তে বল পেয়ে ক্ষিপ্ততার সঙ্গে এগিয়ে দূর থেকে নেয়া দারুণ এক শটে খেলায় ফিরে আসাটা উদযাপন করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
গত ১৭ জানুয়ারি কিংস কাপে গেতাফের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল নেইমারকে।
সেভিয়ার বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন মেসি। শনিবার রাতে আবারো জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে। ২২৮ টি গোল করেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন আছে রিয়ালের সাবেক স্ট্রাইকার রাউলের পাশে।
২২৭টি গোল করতে আর্জেন্টিনার দি স্তেফানোকে খেলতে হয়েছিল ৩২৯টি ম্যাচ। তাকে ছাড়িয়ে যেতে মেসির খেলতে হয়েছে মাত্র ২৬৩টি ম্যাচ। এখন মেসির সামনে আছেন উগো সানচেস (২৩৪) ও তেলমো সাররা (২৫১)।
শনিবার রাতে আগের ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে ক্ষণিকের জন্য শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে বার্সেলোনার মতো ৬০ পয়েন্ট নিয়েও গোল-ব্যবধানের হিসেবে দ্বিতীয় স্থানে আছে তারা।
