২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

ফুলহ্যামের মাঠে দু’দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের দুর্দান্ত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ভালোমতোই টিকে রইলো লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 12:25 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেনাল

ঝড় উড়িয়ে দিল ম্যান সিটির ম্যাচ

বুধবার রাতে ম্যাচের অষ্টম মিনিটে ডিফেন্ডার কোলো তোরের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া লিভারপুল সমতায় ফেরে বিরতির চার মিনিট আগে। অধিনায়ক স্টিফেন জেরার্ডের পাস থেকে গোলটি করেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।

ম্যাচের ৬৩ মিনিটে মিডফিল্ডার কিয়েরেন রিচার্ডসনের গোলে আবারো পিছিয়ে পড়ে অতিথিরা। তবে ৯ মিনিট বাদে ফিলিপে কচিনিয়োর লক্ষ্যভেদে ফের সমতায় ফেরে তারা। ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার, সহায়ক আবার জেরার্ড।

২-২ সমতায় নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল লিভারপুল শিবিরে। তবে ইনজুরি সময়ে জেরার্ডের সফল পেনাল্টি কিকে মূল্যবান তিনটি পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।

নাটকীয় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে লিভারপুল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান মাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৬ ও ৫৪। তবে একটি ম্যাচ কম খেলেছে ম্যান সিটি।

বুধবার রাতে অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারায় আর্সেনাল। অন্য ম্যাচে টটেনহ্যাম ৪-০ গোলে হারিয়েছে নিউ ক্যসলকে।

বুধবার রাতে ম্যানচেস্টার সিটি-সান্ডারল্যান্ডের ম্যাচটি ঝড়ো বাতাসের কারণে হতে পারেনি। বাতিল হয়েছে এভারটন-ক্রিস্টাল প্যালেস ম্যাচটিও।