২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফএ শিল্ডের ফাইনালে শেখ জামাল

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 05:20 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত সেমি-ফাইনালে ভারতের অন্যতম শক্তিশালী দল ইস্ট বেঙ্গলকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা।পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলা ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের তিন গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন, হাইতির স্ট্রাইকার সনি নর্দে ও নর্দের স্বদেশের ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে।২৩ মিনিটে ওয়েডসনের সেন্টার থেকে এমেকার হেড সাইড বারে লেগে জালে জড়িয়ে এগিয়ে দেয় শেখ জামালকে।৩৭ মিনিটে এমেকার বাড়ানো বল ধরে, আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন নর্দে। টুর্নামেন্টে এটা তার তৃতীয় গোল। আগের গোল দুটো ছিল গ্রুপ পর্বের প্রথম ও শেষ ম্যাচে কলকাতা মোহামেডান ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।৬৭ মিনিটে শেখ জামালের জয় নিশ্চিত করা গোলটি ওয়েডসনের। বক্সের ভেতর ঢুকে পড়া ওয়েডসনের শট ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার রাজু গায়কোয়াড়ের পায়ে লেগে, গোলরক্ষককে বিভ্রান্ত করে জালে চলে যায়।এবারের আইএফএ শিল্ডে ওয়েডসনের এটি তৃতীয় গোল। গ্রুপ পর্বে সিকিম ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুই গোল করেছিলেন তিনি।

শেখ জামাল অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারতো। কিন্তু কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় তা হয়নি।৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নর্দের ক্রসে বল পেয়ে যাওয়া ওয়েডসন গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি।৬৫ মিনিটে আবার শেখ জামালের জন্য হতাশ। প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকে পড়া নর্দের শট ইস্ট বেঙ্গলের এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়।ইস্ট বেঙ্গলের বলার মতো সুযোগ একটাই। ৫৫ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে নেয়া ডিফেন্ডার অর্ণব মণ্ডলের শট শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল শুয়ে পড়ে ঠেকিয়ে দেন।৮ মিনিট দীর্ঘ ইনজুরি সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে প্রতিপক্ষের ডিফেন্ডার কেষ্ট কুমারকে মারাত্মক ফাউল করায় সেই অর্ণবকেই লাল কার্ড দেখতে হয়।বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে আইএফএ শিল্ডের ফাইনালে উঠলো শেখ জামাল। ১৯৯৫ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল।ইস্ট বেঙ্গলের বিপক্ষে ঐ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ করার পর টাইব্রেকারে ৩-১ গোলে হেরে যায় মোহামেডান।