গরমকে ‘হারিয়ে’ তৃতীয় রাউন্ডে পাঁচ তারকা
প্রচণ্ড গরমে অসহনীয় পরিবেশও দমিয়ে রাখতে পারেনি রাফায়েল নাদাল, রজার ফেদেরার, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও অ্যান্ডি মারেকে। বৃহস্পতিবার প্রতিপক্ষর পাশাপাশি গরমকেও ‘হারিয়ে’ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন এই পাঁচ তারকা।
পুরুষ এককের শীর্ষ বাছাই স্পেনের নাদাল ও মহিলাদের দ্বিতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কা অবশ্য সৌভাগ্যের ছোঁয়া পেয়েছেন। ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে বাধ্য হয়ে উন্মুক্ত কোর্টগুলোর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে কর্তৃপক্ষকে। তবে রড লেভার অ্যারেনার ছাদঢাকা কোর্টে খেলা থাকায় তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে ছিলেন নাদাল ও আজারেঙ্কা।দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতার ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল সহজেই ৬-২, ৬-৪, ৬-২ গেমে স্বাগতিক অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে হারিয়েছেন।গত দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কাও জিতেছেন সহজে। চেক প্রজাতন্ত্রের বারবোরা জাহাভোয়া-স্ত্রিতসোভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।স্লোভেনিয়ার ব্লাজ কাভসিচের সঙ্গে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরারের খেলার ফলাফল ৬-২, ৬-১, ৭-৬। উইম্বলডন চ্যাম্পিয়ন মারেও সরাসরি ৬-২, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন ফ্রান্সের ভিনসেন্ত মিলোকে।তবে তৃতীয় রাউন্ডে ওঠার জন্য তীব্র লড়াই করতে হয়েছে মহিলা এককের তৃতীয় বাছাই রাশিয়ার শারাপোভাকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘাম ঝরিয়ে ইতালির কারিন নাপকে ৬-৩, ৪-৬, ১০-৮ গেমে হারিয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম জয়ী। এর মধ্যে তৃতীয় ও শেষ সেটের স্থায়ীত্ব ছিল ১১৫ মিনিট!পুরুষদের দশম বাছাই ফ্রান্সের জো উইলফ্রিড সঙ্গা, মহিলাদের পঞ্চম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা এবং দশম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিও বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন।
