২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুমাখারের অবস্থা 'স্থিতিশীল'

ফ্রান্সে স্কি করতে গিয়ে মারাত্মক আহত ফর্মুলা ওয়ান রেসিংয়ের কিংবদন্তি মিখায়েল শুমাখারের অবস্থার উন্নতি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 09:50 PM

Updated : 13 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

শুমাখারের অবস্থা 'আশঙ্কাজনক'

জার্মান এই গতি তারকার ম্যানেজার জাবিন খেম জানান, সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের অবস্থা এখন 'স্থিতিশীল'।

রোববার ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে তার মাথা সজোরে ধাক্কা খায়। হাসপাতালে ভর্তির সময় কোমায় ছিলেন ৪৪ বছর বয়সী এই জার্মান তারকা।

ফ্রান্সের মেরিবেলে একটি স্কি কেন্দ্রে রোববার সকালে দুঘটনার পর তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোব্লায় সিএইচইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুমাখারের স্ত্রী ও দুই সন্তান তার সঙ্গে আছেন।

হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন শুমাখার। দ্বিতীয়বার মস্তিস্কে অস্ত্রোপচারের পর মঙ্গলবার চিকিৎসকরা জানান, শুমাখারের অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি এখনও 'বিপদমুক্ত' নন।

শুমাখারের ম্যানেজার জানান, স্কি দুর্ঘটনার সময় শুমাখার খুব বেশি দ্রুতগতিতে ছিলেন না।

ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার রেকর্ড ৯১ বার রেস জিতেছেন।

ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি।

২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিজের হয়ে ফিরে এসেছিলেন শুমাখার। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর চূড়ান্ত অবসরে যান জার্মান এই তারকা।