শুমাখারের অবস্থা 'আশঙ্কাজনক'
ফ্রান্সে স্কি দুর্ঘটনায় আহত সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মিখায়েল শুমাখারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্কি করতে গিয়ে শুমাখার আহত
ফ্রান্সের গ্রেনোব্লার সিএইচইউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সোমবার হাসপাতালের চিকিৎসক জ্য ফসোয়া পাইয়ান সাংবাদিকদের বলেন, "আমরা বলতে পারি যে তার অবস্থা সংকটাপন্ন। তার ভবিষ্যত কি তা আমরা এখন বলতে পারছি না।"
শুমাখারের ম্যানেজার জাবিনে খেম জানান, রোববার ফ্রেঞ্চ আল্পসে ছেলেকে নিয়ে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে তার মাথা সজোরে ধাক্কা খায়।
৪৪ বছর বয়সী এই জার্মান তারকা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। হাসপাতালে ভর্তির সময় তিনি কোমায় ছিলেন। এরই মধ্যে মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছে।
ফ্রান্সের মেরিবেলে একটি স্কি কেন্দ্রে রোববার সকালে এ দুঘটনার পর তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোব্লায় ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুমাখারের স্ত্রী করিন্না ও দুই সন্তান তার সঙ্গে আছেন।
দুর্ঘটনার পর প্রথমে বলা হয়েছিল, ফর্মুলা ওয়ান থেকে অবসরে যাওয়া এই গতিতারকার অবস্থা সংকটাপন্ন নয়। স্থানীয় হাসপাতালে নেয়ার সময় জ্ঞানও ছিল তার।
ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার দুই দশকেরও বেশি সময় ধরে রেকর্ড ৯১ বার রেস জিতেছেন।
ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিসের হয়ে ফিরে এসেছিলেন শুমাখার। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর চূড়ান্ত অবসরে যান জার্মান এই তারকা।
