২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের চাই ১ পয়েন্ট, জুভেন্টাসের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাধা পেরুতে আর মাত্র এক পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদ ও পিএসজির। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ইতালির সফলতম দল জুভেন্টাস, হারলেই ছিটকে পড়বে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 07:13 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

‘বি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে ওঠার দ্বারপ্রান্তে আছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে তুরস্কের দল গালাতাসারাইয়ের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোতে উঠে যাবে ইউরোপের সবচেয়ে সফল দলটি। তবে ছোট্ট চাওয়ার এই ম্যাচেও কিছুটা দুশ্চিন্তা ভর করেছে ইউরোপের সফলতম দলটিতে- পায়ের পেশির চোটের কারণে খেলতে পারবেন না সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

দুর্বল গালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামতে না পারার কষ্ট হয়ত তাড়িয়ে বেড়াচ্ছে রোনালদোকেও। আগের চার ম্যাচে আট গোল করে রোনালদো ছুঁয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। নতুন রেকর্ড গড়তে শেষ দুই ম্যাচে প্রয়োজন ছিল আর মাত্র একটির। সেক্ষেত্রে এই দলটির চেয়ে সহজ প্রতিপক্ষ আর কি হতে পারে। আসরের প্রথম ম্যাচে গালাতাসারাইকে যে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল তার তিনটি গোলই করেছিলেন রোনালদো।

এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে সবচেয়ে বিপদে আছে ইতালির সফলতম দল জুভেন্টাস, ডেনমার্কের কোপেনহেগেনের বিপক্ষে হারলেই ছিটকে পড়বে তারা। গ্যালাতাসাইয়ের সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিন নম্বরে আছে কোপেনহেগেন।

ড্র করলেও জুভেন্টাসের সম্ভাবনা থাকবে বটে, সেক্ষেত্রে নির্ভর করতে হবে গ্রুপের অন্যদের অবস্থানের উপর। তবে স্বস্তির খবর, কঠিন এই মুহূর্তে জুভেন্টাসের নেই কোনো চোট সমস্যা। তারপরও কপালে দুশ্চিন্তার ভাঁজ জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিও জয় পায়নি তারা।

কঠিন এই মুহূর্তে তাই জয়ের বিকল্প ভাবছেন না কন্তে- অন্যদের উপর নয়, নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান তিনি।

‘এ’ গ্রুপে এদিন জার্মানির বেয়ার লেভারকুজেনের মাঠে জিতলেই পরবর্তী ধাপে উঠে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর উল্টোটা হলে সেরা ১৬ পর্বে এক পা রাখবে লেভারকুজেন। অপর ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদোদের বিপক্ষে ঘরের মাঠে জিতলে পরবর্তী রাউন্ডে ওঠার স্বপ্ন বেঁচে থাকবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের।

তবে ম্যান ইউয়ের পরবর্তী রাউন্ডে ওঠার মিশনে স্ট্রাইকার রবিন ফন পার্সি ও ডিফেন্ডার নেমানিয়া ভিদিচকে ছাড়াই লড়তে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটিকে। দু’জনেই চোটে পড়েছেন।   

৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যান ইউ। ৭ ও ৫ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে লেভারকুজেন ও দোনেৱস্ক। সোসিয়েদাদের পয়েন্ট ১।

‘সি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো দলই নকআউট পর্বে ওঠেনি। তবে বুধবার ঘরের মাঠে গ্রিসের দল অলিম্পিয়াকোসের সঙ্গে ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠে যাবে ফ্রান্সের পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিয়াকোস।

অপর ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটের মাঠে খেলবে পোর্তোর বেনফিকা। পোর্তোর ও অ্যান্ডারলেখটের পয়েন্ট ৪ ও ১।

বায়ার্ন ও ম্যান সিটি আগেভাগেই পরবর্তী রাউন্ডের টিকেট পাওয়ায় ‘ডি’ গ্রুপের বাকি দুই রাউন্ড নিয়ে নেই তেমন কোনো আকর্ষণ। নিয়ম রক্ষার ম্যাচে বুধবার ম্যান সিটির মাঠে খেলবে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন এবং রাশিয়ার সিএসকে মস্কোর মাঠ সফর করবে বায়ার্ন।