বিশ্বকাপের বাছাইয়ে শেষ রাউন্ডের লড়াই
ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করতে মঙ্গলবার গ্রুপ পর্যায়ের বাছাইপর্বের শেষ রাউন্ডের লড়াইয়ে নামবে ইউরোপের দেশগুলো।
গত শুক্রবার এক রাউন্ড বাকি থাকতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোপীয় অঞ্চল থেকে এরই মধ্যে ফুটবল বিশ্বকাপে উঠেছে জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ডও। আর আগের রাউন্ডেই তা নিশ্চিত করেছে ইতালি ও নেদারল্যান্ডস।
মঙ্গলবার রাতে চূড়ান্ত হবে সরাসরি ব্রাজিল যাবে আরও কোন চারটি দল।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষস্থানে থাকা নয়টি দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। এছাড়া আট শীর্ষ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। শেষ রাউন্ডে তাই চূড়ান্ত হবে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করা আটটি দেশও।
গ্রুপ ‘এ’
আগের রাউন্ডে ক্রোয়েশিয়াকে হারিয়ে এরই মধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপে চলে গেছে বেলজিয়াম। ঘুচেছে তাদের ১২ বছরের অপেক্ষা। মঙ্গলবার শেষ ম্যাচটি তারা খেলবে ওয়েলসের বিপক্ষে।
১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখা ক্রেয়েশিয়া শেষ ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে জিতে তা আরো জোরদার করতে চাইবে।
গ্রুপ ‘বি’
‘বি’ গ্রুপে দুই রাউন্ড আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ইতালি খেলবে আর্মেনিয়ার বিপক্ষে। সমান ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফের জন্য লড়ছে বুলগেরিয়া ও ডেনমার্ক। লড়াইয়ে আছে ১২ পয়েন্ট করে পাওয়া আর্মেনিয়া ও চেক রিপাবলিকও।
গোল পার্থক্যের হিসেবে এগিয়ে আছে বুলগেরিয়া। শেষ ম্যাচে নিজেদের মাঠে তারা খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে। ডেনমার্ক খেলবে অপেক্ষাকৃত দুর্বল দল মাল্টার বিপক্ষে। বুলগেরিয়া জিতলে গ্রুপ রানার্সআপ হবে তারাই। বুলগেরিয়া ড্র করলে জিতে রানার্সআপ হওয়ার সুযোগ আছে ডেনমার্কের। কাগজে কলমে আছে আর্মেনিয়া ও চেক রিপাবলিকের সম্ভাবনাও।
তবে এই গ্রুপ থেকে যেই রানার্সআপ হোক না কেন, পয়েন্ট কম থাকায় সেরা নয়টি গ্রুপের মধ্যে সেরা আট রানার্সআপের তালিকায় দেশটির ঢোকাটা বেশ কষ্টকরই হবে।
গ্রুপ 'সি'
কোনো হিসেব নিকেশই নেই এই গ্রুপে। এক রাউন্ড বাকি থাকতেই জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন ও সুইডেন রানার্স-আপ হওয়ায় শেষ রাউন্ডের উত্তেজনা স্পর্শ করছে না 'সি' গ্রুপকে। এমনকি পয়েন্ট অনেক বেশি থাকায় সেরা আট রানার্সআপ হিসেবে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে সুইডেন।
গ্রুপ 'ডি'
দুই রাউন্ড আগেই গ্রুপ 'ডি'র শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল বিশ্বকাপে উঠে গিয়েছে ডাচরা।
সমান ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার দৌড়ে আছে তুরস্ক ও রোমানিয়া। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে তুরস্ক।
তবে মঙ্গলবার শেষ ম্যাচে রোমানিয়া নিজেদের মাঠে খেলবে এস্তোনিয়ার সঙ্গে। আর তুরস্ক নিজেদের মাঠে খেলবে শক্তিশালী ডাচদের সঙ্গে। তুরস্ক আর রোমানিয়া নিজ নিজ ম্যাচে জিতলে রানার্সআপ হবে তুর্কিরাই।
কাগজে কলমে সুযোগ আছে ১৪ পয়েন্ট পাওয়া হাঙ্গেরিরও। শেষ ম্যাচে নিজেদের মাটিতে পুসকাসের দেশ খেলবে দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে। স্বভাবতই তুরস্ক আর রোমানিয়া দুই দলেরই পরাজয় চাইছে তারা।
গ্রুপ 'ই'
সুইজারল্যান্ড এরই মধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলায় লড়াই হচ্ছে প্লে-অফ খেলার সুযোগ পাওয়ার।
১৬ ও ১৫ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বর অবস্থানে আছে আইসল্যান্ড ও স্লোভেনিয়া।
শেষ ম্যাচে নরওয়েকে হারালেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে আয়ারল্যান্ডের। সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া স্লোভেনিয়া তাই চাইছে আইসল্যান্ডের পরাজয়।
গ্রুপ ‘এফ’
আগের রাউন্ডে ইসরায়েলের সঙ্গে ড্র করে সরাসরি বিশ্বকাপে ওঠার লক্ষ্যে চরম ধাক্কা খেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় নিশ্চিত ২১ পয়েন্ট পাওয়া রাশিয়ার। পর্তুগিজরা তাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে। প্লেঅফের ঝুঁকিতে না গিয়ে বিশ্বকাপে খেলতে শেষ ম্যাচে তাই পর্তুগালকে বড় ব্যবধানে জেতার পাশাপাশি রুশদের বড় পরাজয়ের প্রার্থনা করতে হবে। তা না হলে বিশ্বকাপে যাওয়ার জন্য প্লে-অফই ভরসা পর্তুগালের।
আগামী মঙ্গলবার পর্তুগাল ঘরের মাঠে খেলবে লুক্সেমবুর্গের বিপক্ষে আর রাশিয়া খেলবে আজারবাইজানের মাঠে।
গ্রুপ ‘জি’
গ্রুপের সেরা দুই দল বসনিয়া ও গ্রিসের পয়েন্ট সমান ২২। কিন্তু গোল পার্থক্যের হিসেবে অনেক এগিয়ে বসনিয়া। তাই শেষ রাউন্ডেও যদি দুই দল জয় পায়, তবে বসনিয়া পাবে বিশ্বকাপের টিকিট, গ্রিসকে খেলতে হবে প্লে অফ।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে এগুনো বসনিয়া খেলবে লিথুয়ানিয়ার সঙ্গে। আর গ্রিস স্বাগত জানাবে গ্রুপের সবচেয়ে দুর্বল দল লিশটেনস্টাইনকে।
গ্রুপ 'এইচ'
১৯ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপে সবার উপরে আছে ইংল্যান্ড। শেষ ম্যাচে নিজেদের মাটিতে পোল্যান্ডকে হারালে সরাসরি বিশ্বকাপে চলে যাবে ইংলিশরা। ওই ম্যাচে ড্র করলে চলবে না, কারণ মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা ইউক্রেন শেষ ম্যাচে খেলবে দুর্বলতম দল স্যান মারিনোর বিপক্ষে।
মলদোভার মুখোমুখি হতে যাওয়া মন্টেনেগ্রোর কাগজে কলমে প্লে-অফের সম্ভাবনা থাকলেও বাস্তবে তা অসম্ভব।
গ্রুপ ‘আই’
ব্রাজিল বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে আছে স্পেন। শেষ ম্যাচে ড্র করলেই ব্রাজিলের টিকেট পেয়ে যাবে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।
সাত ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে স্পেন। সমান খেলায় তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।
আগামী মঙ্গলবার শেষ রাউন্ডের খেলায় ফ্রান্স খেলবে ফিনল্যান্ডের বিপক্ষে আর স্পেন খেলবে জর্জিয়ার সঙ্গে। দুটি দলই খেলবে নিজেদের মাঠে।
তবে সরাসরি ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে শেষ রাউন্ডে ফরাসিদের শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে স্পেনের পরাজয়ের। আর তা না হলে প্লে অফ খেলতে হবে তাদের।
