জিতেই চলেছে রোমা
ইতালির শীর্ষ লিগ সেরি আতে বোলোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে রোমা।
জার্ভিনিয়োর দুর্দান্ত জোড়া গোলে টানা ষষ্ঠ জয় নিয়ে লিগের শীর্ষস্থানে রয়েছে ফ্র্যান্সেসকো টট্টির দল।
রোববার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে স্বাগতিকদের প্রথম গোলটি আসে আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির পা থেকে।
১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্ভিনিয়ো। ৩০ গজ দূর থেকে নেয়া শটে নিজের প্রথম গোলটি করেন গ্রীষ্মের দলবদলে আর্সেনাল থেকে রোমায় আসা আইভরি কোস্টের এই ফরোয়ার্ড।
২৬ মিনিটে মেহদি বেনাতিয়ার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোমা।
দ্বিতীয়ার্ধে জার্ভিনিয়োর আরেকটি গোলে ব্যবধান হয় ৪-০।
জার্ভিনিয়োর বদলি নেমে খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দলকে শেষ গোলটি উপহার দেন সার্বিয়ার আদেম ইয়াইচ।
সেরি আর শীর্ষ চার দলের পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
এএস রোমা | ৬ | ৬ | ০ | ০ | ১৬ | ১৮ |
নাপোলি | ৬ | ৫ | ১ | ০ | ১০ | ১৬ |
জুভেন্টাস | ৬ | ৫ | ১ | ০ | ৭ | ১৬ |
ইন্টার মিলান | ৬ | ৪ | ২ | ০ | ১৩ | ১৪ |
