২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের প্রতীক্ষিত ও নাপোলির সহজ জয়

ইতালির সেরি-আতে বহুল প্রতীক্ষিত জয় পেয়েছে এসি মিলান। শনিবার রাতে সান সিরোয় তারা ১-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 01:01 AM

Updated : 25 Apr 2022, 07:19 PM

মিলানের জয়টা কষ্টসাধ্য হলেও এদিন সহজ জয় পেয়েছে নাপোলি। আগের ম্যাচে জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপরা। দুটি গোলই গোরান পানদেভের।

ঘরের মাঠ সান সিরোয় মিলানের জয়ের নায়ক স্লোভেনিয়ার মিডফিল্ডার ভাল্টার বিরসা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডি বক্সের ঠিক সামনে থেকে ব্রাজিল মিডফিল্ডার রবিনিয়োর পাস থেকে বল পেয়ে নিঁচু শটে লক্ষ্যভেদ করেন বিরসা।

টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল মিলান। ছয় ম্যাচে দ্বিতীয় জয়ে এসি মিলানের সংগ্রহ আট পয়েন্ট।

জেনোয়ার মাঠে ১৪ মিনিটে পানদেভ এগিয়ে দেন ম্যারাডোনার নৈপুণ্যে গত শতাব্দীর আশির দশকে দুবার চ্যাম্পিয়ন হওয়া নাপোলিকে। ২৫ মিনিটে মেসিডোনিয়ান স্ট্রাইকারের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় অতিথি দলের।

এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এবার অনেক নামি খেলোয়াড় নিয়ে দল গড়া নাপোলি আপাতত সেরি-আর শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।

রোমার মতো রোববারের ম্যাচ জিতে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট করে পাওয়া ইন্টার মিলান ও গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের রয়েছে নাপোলিকে টপকানোর সুযোগ।