সুয়ারেসের দুর্দান্ত প্রত্যাবর্তন
১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরেই গোল করেছেন লুইস সুয়ারেস। তা-ও একটি নয়, দুটি। উরুগুয়ের এই স্ট্রাইকারের দুর্দান্ত নৈপুণ্যে রোববার সান্ডারল্যান্ডের মাঠে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল।
গত মৌসুমে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেস। নিষেধাজ্ঞা শেষে গত সপ্তাহে ইংলিশ লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেললেও গোলের দেখা পাননি।
তবে সান্ডারল্যান্ড সফরে এই খামখেয়ালি স্ট্রাইকারই লিভারপুলের জয়ের নায়ক।
২৮ মিনিটে ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দলকে এগিয়ে দেয়ার কৃতিত্ব অবশ্য ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজের। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ।
মাত্র এক পয়েন্ট নিয়ে লিগের সবচেয়ে নিচে থাকা সান্ডারল্যান্ড ৫২ মিনিটে ইতালির ফরোয়ার্ড ইমানুয়েলে জাক্কেরিনির সৌজন্যে একটি গোল ফিরিয়ে দিয়েছিল।
কিন্তু ৮৯ মিনিটে সুয়ারেসের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করলো লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে লিগের শীর্ষে।
রোববার ইপিএলের অন্য ম্যাচে স্টোক সিটির মাঠে ১-০ গোলের জয় পেয়েছে নরউইচ সিটি।
