২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই থাকলো আর্সেনাল

সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 01:58 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

অঘটনের শিকার দুই ম্যানচেস্টার

শনিবার সোয়ানসির মাঠ লিবার্টি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড স্যার্জ নাব্রি।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজি।

Image
আর্সেনালের দ্বিতীয় গোলটি করেন অ্যারন রামসি।

আর্সেনালের দ্বিতীয় গোলটি করেন অ্যারন রামসি।

Image
স্যার্জ নাব্রির গোলে এগিয়ে যায় আর্সেনাল।

স্যার্জ নাব্রির গোলে এগিয়ে যায় আর্সেনাল।

৮২ মিনিটে ওয়েলসেরই ডিফেন্ডার বেন ডেভিস ব্যবধান কমালেও আর্সেন ভেঙ্গার দলের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

৬ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ১৫ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

এর আগের ম্যাচে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টারের দুই দল। অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে দু-দুবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে ম্যান সিটি। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হার মেনেছে স্বাগতিক ম্যান ইউ।

লন্ডন ডার্বি অমীমাংসিত

শনিবার রাতের লন্ডন ‘ডার্বি’তে কেউ জিততে পারেনি। নিজেদের মাঠে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার।

Image
চেলসির বিপক্ষে টটেনহামের গিলফি সিউর্ডসনের গোল। ছবি: রয়টার্স

চেলসির বিপক্ষে টটেনহামের গিলফি সিউর্ডসনের গোল। ছবি: রয়টার্স

শনিবার হোয়াইর্ট হার্ট লেনে ১৯ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে এগিয়ে যায় টটেনহাম। স্পেনের স্ট্রাইকার রবের্তো সলদাদোর পাস ধরে চেলসির গোলরক্ষক পেতর চেককে কাটিয়ে লক্ষ্যভেদ করেন আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিউর্ডসন।

পিছিয়ে পড়ার পর কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি চেলসি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ডান দিক থেকে আসা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের পাসে তিনি পা ছোঁয়াতে পারেননি।

৫৭ মিনিটে আবার হতাশায় পুড়তে হয় ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিকে। তরেসের ফ্লিক থেকে স্পেনের আরেক স্ট্রাইকার হুয়ান মাতা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।

অবশেষে ৬৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় জোসে মরিনিয়োর দল। মাতার ক্রস থেকে হেড করে বল জালে জড়ান ইংল্যান্ডের ডিফেন্ডার জন টেরি। এ মৌসুমে এটাই তার প্রথম গোল।

Image
প্রতিপক্ষের ফুটবলারকে মুখে আঘাত করে বহিষ্কৃত হন তরেস।

প্রতিপক্ষের ফুটবলারকে মুখে আঘাত করে বহিষ্কৃত হন তরেস।

৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তরেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

ছয়টি করে ম্যাচ খেলে টটেনহামের পয়েন্ট ১৩ ও চেলসির ১১।

অন্যান্য ম্যাচে সাউথ্যাম্পটন ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে, হাল সিটি ১-০ গোলে ওয়েস্ট হামকে এবং কার্ডিফ সিটি ২-১ গোলে ফুলহামকে হারিয়েছে।