২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ব্যর্থতায় চোটকে দায়ী করলেন কোচ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য চোট সমস্যাকে দায়ী করেছেন জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। রোববার বিকেলে বাফুফে ভবনে তদন্ত কমিটির সামনে হাজির হয়ে তিনি এই কথা বলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 11:49 AM

Updated : 25 Apr 2022, 07:17 PM

তদন্ত কমিটির সামনে থেকে বেরিয়ে ক্রুইফ বলেন, “দলের কিছু খেলোয়াড়ের চোট সমস্যার জন্যই সাফে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে। বিশেষ করে অধিনায়ক মামুনুল ইসলাম এবং মিডফিল্ডার সোহেল রানার চোট দলের বড় ধরনের ক্ষতি হয়েছে। যা আমাদের ব্যর্থতার প্রধান কারণ।”

কাঠমান্ডুতে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ড্র করেছে শেষ মুহুর্তে গোল খেয়ে। আর শেষ মিনিটে গোল খেয়ে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে ক্রুইফের দল।

কোচ দাবি করেন, “তাছাড়া ভাগ্যও আমাদের সহায়ক ছিল না। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই আমরা এগিয়ে থেকেও জিততে পারিনি। এই দুটি ম্যাচ জিতলে ছয় পয়েন্ট নিয়ে আমরা সেমিতে খেলতে পারতাম।”

এর আগে অবশ্য তদন্ত কমিটির সামনে কোনো কথা বলতে রাজি ছিলেন না ক্রুইফ। তদন্ত কমিটি এভাবে ডাকায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন তিনি।

তদন্ত কমিটির চেয়ারম্যান বাদল রায় জানান, “ক্রুইফ প্রথমে তদন্ত কমিটির সামনে কোনো কথা বলছে রাজি ছিলেন না। বরং কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। আমরা তাকে বুঝিয়েছি, সাফে আমরা কেন ব্যর্থ হয়েছি তা দেশবাসীকে জানাতে হবে। পরে বুঝতে পেরে কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।”

কমিটির সামনে কি বলেছেন ক্রুইফ? এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির চেয়ারম্যান বলেন, “ক্রুইফ অভিযোগ তুলেছেন যে, জাতীয় দলের জন্য দেয়া সুযোগ-সুবিধাগুলো পর্যাপ্ত ছিল না। তাছাড়া সাফকে সামনে রেখে কোনো বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। যার কারণে দলের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানা যায়নি।”