সালভাদরের ১৪ ফুটবলার আজীবন নিষিদ্ধ
ম্যাচ পাতানোর অভিযোগে এল সালভাদরের ১৪ ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল সংস্থা (এফইএসএফইউটি)।
এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে সংস্থাটি। আর চারজনের বিরুদ্ধে আরো তদন্ত করবে কমিটি। কোনো প্রমাণ না পাওয়ায় একজন নির্দোষ প্রমাণিত হয়েছে।
শুক্রবার সংস্থাটির সভাপতি কার্লোস মেনদেস সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আজীবন নিষিদ্ধ খেলোয়াড়দের মধ্যে পাঁচজন জাতীয় দলের হয়ে ৫০টির বেশি করে ম্যাচ খেলেছেন।
গত অগাস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২২ খেলোয়াড়কে সাময়িকভাবে বহিষ্কৃত করেছিল সালভাদর কর্তৃপক্ষ। তারপর থেকে তারা মাঠের বাইরেই আছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। ২০১১ সালে গোল্ড কাপে মেক্সিকোর কাছে ৫-০ গোলে সালভাদরের হারের ম্যাচটিও এর মধ্যে অন্তর্ভুক্ত।
