কাতার বিশ্বকাপ নিয়ে এবার আইওসির প্রশ্ন
কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ শীতকালে সরিয়ে নেয়ার ফিফার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ওই বছর শীতকালীন অলিম্পিকের সময়সূচির সঙ্গে বিশ্বকাপের সূচি যাতে না মিলে যায় তা নিশ্চিত করতে ফিফাকে আলোচনায় বসতে বলেছে তারা।
২০২২ সালের শীতকালীন অলিম্পিক হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা 'ভুল' ছিল বলে সম্প্রতি স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্র ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে বিশ্বকাপের সময়টা বছরের শেষ দিকে শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
আগামী ৩ ও ৪ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপের সময়সূচির পরিবর্তনে ব্লাটারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে এর আগে ফিফার উচিত এ নিয়ে আইওসির সঙ্গে আলোচনা করা।
আইওসির এক মুখপাত্র বলেন, "আমরা মনে করছি ফিফা এ বিশ্বকাপের তারিখ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবে। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে শীতকালীন অলিম্পিকের উপর কোনো ধরণের প্রভাব এড়ানো যাবে।"
শীতে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে। তবে ৫৪ সদস্যের উয়েফার বেশিরভাগ সদস্য দেশ মনে মনে করে, নভেম্বর ও ডিসেম্বরে না পিছিয়ে বিশ্বকাপ এড়িয়ে জানুয়ারিতে করাটা ভালো হবে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের উপর কোনো প্রভাব পড়বে না।
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা। তবে বছরের যে কোনো সময় বিশ্বকাপ আয়োজনে কাতার প্রস্তুত আছে বলে দেশটির আয়োজকরা জানিয়েছেন।
২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।
