শীতকালে বিশ্বকাপের পরিকল্পনায় অস্ট্রেলিয়ার আপত্তি
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল শীতকালে সরিয়ে নিতে ফিফার পরিকল্পনায় আপত্তি জানিয়েছে অস্ট্রেলিয়া।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রাংক লউই মঙ্গলবার তাড়াহুড়ো করে এ সিদ্ধান্ত না নিতে ফিফাকে সতর্ক করে দেন।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা 'ভুল' ছিল বলে সম্প্রতি স্বীকার করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্র ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে বিশ্বকাপের সময়টা বছরের শেষ দিকে শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।
কাতারের কাছে হেরে বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারানো অস্ট্রেলিয়া তাই আর ছাড় দিতে চাচ্ছে না বলেই মনে হচ্ছে।
অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি বলেন, "বিশ্বকাপের সময় পাল্টানোর সিদ্ধান্ত বর্তমানের খারাপ অবস্থাকে আরও খারাপ করবে।"
তিনি জানান, বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পেশাদার লিগ চলে বলে তখন বিশ্বকাপ আয়োজন করা হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি বলেন, "ক্লাব, বিনিয়োগকারী, সম্প্রচারকারী, খেলোয়াড় ও ভক্ত-সবাই ক্ষতিগ্রস্ত হবে।"
শীতে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়।
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা। তবে বছরের যে কোনো সময় বিশ্বকাপ আয়োজনে কাতার প্রস্তুত আছে বলে দেশটির আয়োজকরা জানিয়েছেন।
ফিফার নির্বাহী কমিটিতে আগামী অক্টোবরে কাতার বিশ্বকাপের সময়সূচির পরিবর্তনে ব্লাটারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
