ড্র করেও ইপিএলের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জেতার পর সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোল ড্র করেছে লিভারপুল।
এই ড্রয়ের পরও ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। সমান খেলায় ৯ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে আছে আর্সেনাল ও টটেনহাম হটস্পার।
সোমবার রাতে লিবার্টি স্টেডিয়ামে লিগের একমাত্র ম্যাচটির শুরুতেই ছিল দারুণ নাটকীয়তা। মাত্র ২ মিনিটের মাথায় স্বাগতিক সোয়ানসিকে এগিয়ে নেন জনজো শেলভি। লিভারপুলের সাবেক মিডফিল্ডারের গোলটিতে অবশ্য ভাগ্যের যথেষ্ট সহায়তা রয়েছে।
শেলভির গোলে শট লিভারপুল ডিফেন্ডার স্কারটেলের গায়ে লেগে ফিরলে ফিরতি শটে গোলরক্ষক মিগনোলেটকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি তার। নতুন মৌসুমে লিগে লিভারপুলের জালে এটাই প্রথম গোল।
সমতা আনতে দুই মিনিটের বেশি সময় নেয়নি আগের তিন ম্যাচেই জেতা লিভারপুল। ব্যাকপাস দিতে গিয়ে গড়বড় করে নায়ক থেকে খলনায়কে পরিনত হন শেলভি। চোট কাটিয়ে ফেরা ড্যানিয়েল স্টারিজ বল পেয়েই গোল করে ফেলেন।
নায়ক থেকে খলনায়ক বনে যাওয়া শেলভি।
৬৪ মিনিটে মিচোর গোলে সমতা ফেরায় সোয়ানসি। দলকে এক পয়েন্ট এনে দেয়া গোলটিতেও অবদান মিডফিল্ডার শেলভির। তার পাস থেকেই মিগনোলেটকে পরাস্ত করেন স্পেনের মিচো।
এরপর দুই দলই গোলের কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল হয়নি।
প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে এখন পর্যন্ত অপরাজেয় আছে লিভারপুল।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা :
| ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
লিভারপুল | ৪ | ৩ | ১ | ০ | ৩ | ১০ |
আর্সেনাল | ৪ | ৩ | ০ | ১ | ৩ | ৯ |
টটেনহ্যাম | ৪ | ৩ | ০ | ১ | ৩ | ৯ |
ম্যানচেস্টার সিটি | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৭ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৪ | ২ | ১ | ১ | ৪ | ৭ |
চেলসি | ৪ | ২ | ১ | ১ | ২ | ৭ |
