আর্সেনালের জয়, ম্যান সিটির ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল জয় পেলেও ড্র করেছে গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটি।
অ্যারন রামজির জোড়া গোলে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে স্টোক সিটির মাঠে হতাশ হতে হয়েছে ম্যান সিটিকে। গোলশূন্য ড্র করেছে তারা।
সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনালের পক্ষে প্রথম গোলটি করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। একাদশ মিনিটের এই গোলটিতে সহায়তা করেন সদ্য রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেয়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। আর্সেনালের হয়ে এটাই ছিল ওজিলের অভিষেক ম্যাচ।
৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা নিয়ে আসেন মিডফিল্ডার ক্রেইগ গার্ডনার। তবে ৬৭ ও ৭৬ মিনিটে ওয়েলসের মিডফিল্ডার রামজির দুই গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায়।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও ৯, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট সমান হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়।
শনিবারের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও টটেনহ্যাম ২-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে এবং ফুলহ্যাম-ওয়েস্ট ব্রমউইচ ও হাল সিটি-কার্ডিফ সিটি ১-১ গোলে ড্র করেছে।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা :
| ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
আর্সেনাল | ৪ | ৩ | ০ | ১ | ৩ | ৯ |
টটেনহ্যাম | ৪ | ৩ | ০ | ১ | ৩ | ৯ |
লিভারপুল | ৩ | ৩ | ০ | ০ | ৩ | ৯ |
ম্যানচেস্টার সিটি | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৭ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৪ | ২ | ১ | ১ | ৪ | ৭ |
চেলসি | ৪ | ২ | ১ | ১ | ২ | ৭ |
