লাৎসিও সমর্থকদের অভিনব প্রতিবাদ
লিগ ম্যাচের শুরুটা বর্জন করে খারাপ পারফরম্যান্সের প্রতিবাদ জানালো লাৎসিও সমর্থকেরা। মাঠের নয়, দলবদলের বাজারে পারফরম্যান্সে অসন্তুষ্ট তারা।
ব্যতিক্রমী এই প্রতিবাদের দেখা মেলে রোববার সেরি আ -এর ম্যাচে। শিয়েভোর বিপক্ষে ঐ খেলায় অবশ্য ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লাৎসিও। কিন্তু খেলার জয়-পরাজয় তো পরে, ভক্তরা অসন্তুষ্ট দলবদলের বাজারে ক্লাব বড় কোনো খেলোয়াড় না কেনায়।
খেলোয়াড় কিনতে এবার মাত্র এক কোটি ৯০ লাখ ইউরো খরচ করেছে দলটি। যেখানে নগর প্রতিদ্বন্দ্বী এএস রোমা খরচ করেছে তিন গুণেরও বেশি। আর এটাই মুলত ক্ষোভের কারণ লাৎসিও ভক্তদের।
এর প্রতিবাদে খেলার প্রথম ১৫ মিনিট স্তাদিও অলিম্পিকোর বাইরে দাঁড়িয়ে থাকে ভক্তরা। এরপর যখন তারা মাঠে ঢোকে তখন ১-০ এ এগিয়ে ছিল লাৎসিও।
মাঠে ঢোকার সময় তাদের হাতে ছিল ‘আরেকটি দলবদলের বাজার, আরেকটি ব্যর্থতা’ লেখা প্ল্যাকার্ড।
