'আনফিট' বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার
দলবদলের বাজারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল নাকি পুরো ৯০ মিনিট খেলার জন্য 'ফিট' নন। এই মত তার দেশ ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের।
ক্লাব ফুটবলের দলবদলের ইতিহাসের সর্বোচ্চ ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে স্পেনের রিয়াল মাদ্রিদে এসেছেন বেল। ছয় বছরের চুক্তিতে ২০১৯ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলবেন ওয়েলসের এই ফরোয়ার্ড। তবে এখন জাতীয় দলের হয়ে খেলতে ডাক পড়েছে তার।
বিশ্বকাপের বাছাই পর্বে ওয়েলসের দুটো ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার স্কাই স্পোর্টসকে কোলম্যান বলেন, "না, তার (বেল) কোনো ইনজুরি নেই। কিন্তু যদি ৯০ মিনিট খেলার কথা ভাবা হয়, তবে সে ফিট নয়।"
আগামী শুক্রবার মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে ওয়েলস। এরপর মঙ্গলবার খেলবে সার্বিয়ার বিপক্ষে। এ দুটি ম্যাচে বেলকে পুরো ৯০ মিনিট খেলানো হবে না বলেই জানালেন কোচ।
"সে কি আগামী শুক্রবার শুরুর একাদশে থাকবে? আমি মনে করি, এটা একটা বড় প্রশ্ন, শুরু থেকে তার খেলা নিয়ে সন্দেহ আছে।"
ইউরোপীয় অঞ্চলে গ্রুপ 'এ' থেকে ওয়েলসের বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভবনা শেষ হয়ে গেছে । এই গ্রুপে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেলজিয়াম। ১৬ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে দ্বিতীয় অবস্থানে। সার্বিয়া সাত ও ওয়েলস পেয়েছে ছয় পয়েন্টে।
কোলম্যান স্বীকার করেই নিলেন, বেলের মতো তারকা ফুটবলাররা যতটা দেশের, তার চেয়েও বেশি ক্লাবের।
"তারা তো আমাদের খেলোয়াড় নন, আমরা তাদের ধার করে আনি। তাদের যে অবস্থায় আমরা এনেছি, ঠিক সে অবস্থাতেই ফেরত পাঠাতে হয়। তা না হলে ক্লাবগুলোর সঙ্গে সর্ম্পক খারাপ হয়ে যাবে যা মোটেও ভালো হবে না।"
"চোটে পড়ার শঙ্কা থাকলে তাকে (বেল) নামানো হবে না", জানিয়ে দিলেন ক্লাবের কাছে কোণঠাসা কোচ।
