বেলকে বরণ করে নিল রিয়াল
সান্তিয়াগো বার্নাবেউয়ে প্রায় ২০ হাজারের বেশি দর্শকের সরব উপস্থিতিতে গ্যারেথ বেলকে বরন করে নিল রিয়াল মাদ্রিদ। ছয় বছরের চুক্তিতে ২০১৯ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলবে ওয়েলসের এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, ক্লাব ফুটবলের দলবদলের ইতিহাসের সর্বোচ্চ, ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেল।
রেকর্ড নয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন দলটিতে বেলের সাপ্তাহিক বেতন হবে প্রায় তিন লাখ পাউন্ড।
দর্শকদের তুমুল করতালির মাঝে ১১ নম্বর জার্সি পড়ে রিয়ালের আঙিনায় প্রবেশ করেন ইপিএলের গত মৌসুমে টটেনহ্যামের হয়ে ২১ গোল করা এই তারকা। এর আগে বেলের হাতে তার জার্সিটি তুলে দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
রিয়ালে ১১ নম্বর জার্সি পেলেন গ্যারেথ বেল
অর্ভর্থনা পর্বের শুরুতে পেরেজ বলেন, “বেল ভিন্ন ধাঁচের এক খেলোয়াড়।(বেলকে কেনার ব্যাপারে টটেনহ্যামের সঙ্গে) আলোচনা পর্বটা ছিল কঠিন, জটিল ও দীর্ঘস্থায়ী। তবে শেষ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌছতে পেরেছি। দলের অংশ হিসেবে তাকে স্বাগত জানাতে পেরে আমরা অভিভূত।”
এরপর বেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই মাঠে বিশ্বের অনেক সেরা খেলোয়াড়েরা খেলেছে, এর সৌন্দর্য্য বাড়িয়েছে। এখন তুমি তাদের পথ অনুসরণ করছো।”
রিয়াল মাদ্রিদে বেলকে স্বাগতম জানান পেরেজ “এটা তোমার মাঠ, এটা তোমার জার্সি, এরা সবাই (দর্শকেরা) তোমার ভক্ত। আজ থেকে এটাই তোমার বাড়ি, এরা সবাই তোমার পরিবার। তোমার দলে তোমাকে স্বাগতম, রিয়াল মাদ্রিদে তোমাকে স্বাগতম।”
রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা বেলের স্বাস্থ্য পরীক্ষা করেন।
এর পর মাঝমাঠে বল নিয়ে নিজের কৌশল দেখান বেল। একে একে লম্বা শটে গ্যালারিতে পাঠান অনেকগুলো বল। এ সময় তার নাম ধরে চিৎকার করছিল দর্শকেরা।
সবশেষে বাঁ পায়ের এক শটে বল জালে পাঠান বিশ্বের সবচেয়ে দামী এই খেলোয়াড়।
