২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরু-শিষ্যেরও লড়াই

বাংলাদেশের লোডভিক ডি ক্রুইফ ও ভারতের ভিম কুভারমান্স দুজনেই ডাচ কোচ। শুধু কি তাই, কুভারমান্সের শিষ্য ছিলেন ক্রুইফ। তাই মঙ্গলবার শুধু ভারত-বাংলাদেশের লড়াই নয়, গুরু-শিষ্যেরও লড়াই হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমান্ডু থেকে মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:27 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

কুভারমান্স যখন উয়েফার ইন্সট্রাক্টর ছিলেন, তখন তার অধীনেই ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করেছেন ক্রুইফ। সে থেকে দু’জনের পরিচয় এবং সখ্যতা, যা এখনও টিকে আছে।

গুরু-শিষ্যের এই লড়াইয়ের প্রভাব খেলায় পড়বে কিনা জানতে চাইলে বাংলাদেশ কোচ বলেন, “মোটেও এর প্রভাব খেলায় পড়বে না। কারণ আমরা দুজনই আলাদা দু'টি দলের কোচ। দুজনের ভাবনা ভিন্ন, তাই কাজেও ভিন্নতা থাকবে। তাই খেলার মধ্যে এসব বিষয় টেনে আনার কোনো অবকাশ নেই।”

“তাই বলে ভারত কোচের প্রতি আমার শ্রদ্ধার কোন কমতি থাকবে না। কারণ ‘এ’ লাইসেন্স কোর্সটা তার অধীনেই করেছি আমি”, যোগ করেন তিনি।

বাংলাদেশ কোচের প্রশংসা করলেন ভারতীয় কোচ কুভারমান্স।

“ক্রুইফকে ব্যক্তিগতভাবে আমি চিনি। সে খুবই ভালো মানের কোচ। তার অধীনে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া নেপালের বিপক্ষে ম্যাচটি আমি দেখেছি, সে ম্যাচে বাংলাদেশ ভালো খেলতে না পারলেও কোচের বুদ্ধিদীপ্ত কিছু সিদ্ধান্ত আমার ভালো লেগেছে।”

“তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটু কঠিন হবে। অবশ্য জিততে হলে সব কঠিন বাধা অতিক্রম করতে হবে,” যোগ করেন ভারত কোচ।

কুভারমান্স একসময় ডাচ জাতীয় দলের খেলোয়াড় ছিলেন; ছিলেন ডাচ যুব দলের কোচ। এছাড়া ভারতে আসার আগে বিভিন্ন ক্লাব দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ কোচ ক্রুইভ এর আগে পিএসভি আইন্দহোভেনের কোচিং স্টাফ ছিলেন। নাইজেরিয়ার অন্যতম সেরা ক্লাব হার্টল্যান্ড এফসিরও কোচ ছিলেন তিনি। তার অধীনে হার্টল্যান্ড চ্যাম্পিয়নও হয়েছে।