২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস

উসাইন বোল্টের মতোই ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পুনরুদ্ধার করেছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 02:09 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

পুরনো খবর:

১০০ মিটারের শিরোপা আবার বোল্টের

মস্কোয় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে মেয়েদের ১০০ মিটার দৌড়ের ফাইনালে সোনা জিততে অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রেজার-প্রাইস সময় নেন ১০.৭১ সেকেন্ড।

দ্বিতীয় আইভরি কোস্টের মুরিয়েল আহুরের টাইমিং ১০.৯৩ সেকেন্ড। তার চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড বেশি নিয়ে তৃতীয় হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার।

বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী ফ্রেজার-প্রাইস ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম হয়েছিলেন। তবে দেগুতে ২০১১ সালের আসরে খেতাব হারান তিনি।

রোববার রাতে স্বদেশী উসাইন বোল্ট ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পুনরুদ্ধার করেন। পরের দিনই জ্যামাইকাকে আনন্দে ভাসালেন ফ্রেজার-প্রাইস।

দৌড় শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমি বাঁ পায়ে একটু ব্যথা অনুভব করছিলাম। কিন্তু ট্র্যাকে এসে ঠিকমতোই দৌড়েছি। অন্য কারো দিকে মনোযোগ দেইনি।”

সোমবার রাতে মেয়েদের শট পুটে সোনা জিতে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামস। টানা চারটি বিশ্ব চ্যম্পিয়নশিপে সোনা জিতলেন টানা দুই বারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন।

মেয়েদের ৪০০ মিটার দৌড়ে গতবারের চ্যাম্পিয়ন বতসোয়ানার আমান্তে মন্তশোকে প্রাণান্তকর চেষ্টায় শেষ মূহুর্তে ধরে ফেলেন সাবেক চ্যাম্পিয়ন ব্রিটেনের ক্রিস্টিন ওহরুগু। দুজনেই সময় নেন ৪৯.৪১ সেকেন্ড, পরে ফটো ফিনিশে সোনা জেতেন ক্রিস্টিন।

বিশ্ব চ্যম্পিয়নশিপে দুটো সোনা জেতা প্রথম ব্রিটিশ নারী হলেন ক্রিস্টিন। এর আগে ২০০৭ সালে ওসাকা আসরে সোনা জিতেছিলেন তিনি।

ছেলেদের হাতুড়ি নিক্ষেপে সোনা জিতে অলিম্পিক চ্যম্পিয়ন হাঙ্গেরির ক্রিস্টিয়ান পার্সের জয়যাত্রা থামালেন পোল্যান্ডের পাভেল ফাইদেক। এর আগে এ ইভেন্টে টানা ২৩টি প্রতিযোগিতায় জিতেছিলেন পার্স।

Image
১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড অলিভার।

১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড অলিভার।

১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড অলিভার।

ছেলেদের পোলভল্টে সোনা জিতেছেন জার্মানির রাফায়েল হলজডেপে। গত অলিম্পিকে সোনাজয়ী ফ্রান্সের রেনো লাভিলনিকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।