২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ মিটারের শিরোপা আবার বোল্টের

অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ের শিরোপা পুনরুদ্ধার করলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 12:17 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

পুরনো খবর:

বোল্টের মুখে রুশ বোল
মস্কোর জন্য প্রস্তুত বোল্ট
আরো জোরে দৌড়াতে চান বোল্ট

দক্ষিণ কোরিয়ার দেগুতে গত আসরের মতো ফলস স্টার্ট আর হয়নি; তাই রোববার রাতে মস্কোতে তাকে আর হতাশায় পুড়তে হয়নি। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার এই গতিমানব পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে (৯.৮৫)। জ্যামাইকার নেস্টা কার্টার ৯.৯৫ সময় নিয়ে হয়েছেন তৃতীয়। চতুর্থ ও পঞ্চমও স্থানও জ্যামাইকার।

দৌড়ের প্রথম দিকে বোল্টের চেয়ে এগিয়েও ছিলেন তাকে ডায়মন্ড লিগের রোম মিটে হারানো গ্যাটলিন। কিন্তু শুরুতে একটু ধীর গতির বোল্ট তাকে ৬০ মিটারের সময় ধরে ফেলে সামনে এগিয়ে যান।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জেতার পর ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ওই তিন ইভেন্টে সেরা হন বোল্ট। কিন্তু ২০১১ সালে দেগুতে ফাইনালে ফলস স্টার্টের জন্য ডিসকোয়ালিফায়েড হওয়ায় ১০০ মিটারের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তারই স্বদেশী ইয়োহান ব্লেক।

এর পর ২০১২ সালের লন্ডন অলিম্পিকে আবার তিন ইভেন্টে সোনা জিতলেও বিশ্ব চ্যম্পিয়নের খেতাবটা ফিরে পেতে উদগ্রীব ছিলেন ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট।

রোববার রাতে মস্কোর লুঝিনকি স্টেডিয়ামে বৃষ্টির মধ্যেই প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্ট হয়। ২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট। এবার অবশ্য তার কাছাকাছি যেতে পারেননি ছয়টি অলিম্পিক স্বর্ণপদকের মালিক ২৬ বছর বয়সী এই অ্যাথলেট। তাতে কী, খেতাব ফিরে পেয়েই খুশি এই জ্যামাইকান। তাই দেখা মিললো ধনুকে তীর ছোড়ার তার সেই বিখ্যাত অঙ্গভঙ্গি।

‘বিবিসি স্পোর্টস’ কে বোল্ট বলেন, “আমি খুশি, তবে আরেকটু ভালো করতে চেয়েছিলাম। সেমি-ফাইনাল দৌড়ানোর পর পায়ে একটু ব্যথা করছিল। বিশ্ব রেকর্ড হতো না, তাই আমি কেবল জিততে চেয়েছিলাম।”

“জ্যামাইকাতে তারা আমার কাছ থেকে জেতা ছাড়া কিছু আশা করে না। তারা চায় সবসময়ই আমি যেন রাজত্ব করি”, নিজের উপর চাপের কথা জানালেন বোল্ট।

মস্কোতে সোনা জেতার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের সোনার সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। এ আসরে এখনও বাকি আছে ২০০ মিটার ও ৪*১০০ মিটারের ইভেন্ট।