বুন্দেসলিগায় প্রথম হ্যাটট্রিক
জার্মান বুন্দেসলিগার দ্বিতীয় দিনেই হ্যাটট্রিক হয়েছে। শনিবার গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেইয়াংয়ের হ্যাটট্রিকের সুবাদে অগসবুর্গের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।
গতবারের রানার্স-আপদের অন্য গোলটি পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির, পেনাল্টি থেকে।
আরেক ম্যাচে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে স্বাগতিক হার্থা বার্লিনের ৬-১ গোলের বিশাল জয়ে বড় অবদান কলম্বিয়া ও তিউনিশিয়ার দুই স্ট্রাইকার গুস্তাভো র্যামোস ও সামি আলাগাইয়ের। দুজনই দুটো করে গোল করেছেন। বিজয়ীদের অন্য দুই গোলদাতা জার্মান ডিফেন্ডার জন ব্রুকস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রনি।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচগুলোতে বেয়ার লেভারকুসেন ৩-১ গোলে ফ্রেইবুর্গকে ও হ্যানোভার ২-০ গোলে ভলফ্সবুর্গকে হারিয়েছে এবং হফেনহেইম ও নুরেমবার্গ ২-২ গোলে ড্র করেছে।
