২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য অর্জনের সামনে শেখ রাসেল

শেখ রাসেল ক্রীড়াচক্র এখন এক অসাধারণ অর্জনের সামনে দাঁড়িয়ে। মঙ্গলবার সুপার কাপ ফুটবলের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারাতে পারলে এক মৌসুমে চারটি শিরোপা জয়ের কীর্তি গড়বে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

প্রথমবারের মতো সুপার কাপের ফাইনালে ওঠা শেখ রাসেলের কোচ মারুফুল হক ‘ইতিহাস’ গড়ার ব্যাপারে আশাবাদী। ফাইনাল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশাবাদী, এ মৌসুমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে সুপার কাপেও চ্যাম্পিয়ন হবো। আমরা এক মৌসুমে চারটি শিরোপা জিতে ইতিহাস গড়তে চাই। ঢাকার ফুটবলে আর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি।”

তবে কাজটা যে সহজ হবে না, তা স্বীকার করতে দ্বিধা নেই মারুফুলের। তিনি বলেন, “অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া মোহামেডানের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। সুপার কাপে তারা খুব ভালো খেলছে। বিশেষ করে সেমিফাইনালে তারা অসাধারণ খেলেছে। অন্যদিকে সেমিফাইনালে শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে গা-ছাড়া মনোভাব চলে আসে। তাই জিতলেও সেদিন আমরা ভালো খেলতে পারিনি। ফাইনালে এমন খেললে চলবে না।”

শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, “মোহামেডানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হবোই। আমার দৃঢ় বিশ্বাস, খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের সেরাটা ঢেলে দিতে পারলে আমরা সফল হবোই।”

সুপার কাপে মোহামেডান সবচেয়ে সফল দল। অন্য প্রতিযোগিতায় ব্যর্থ হলেও সু্পার কাপে তাদের ফাইনালে উত্তরণ কেউ আটকাতে পারেনি। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা।

এবার অর্থাৎ তৃতীয় আসরেও মোহামেডান ফাইনালে। তবে এখানেই থেমে না থেকে তাদের কোচ সাইফুল বারী টিটুর চোখে শিরোপা-স্বপ্ন। তিনি বলেন, “সুপার কাপে এখন পর্যন্ত আমরা ভালোই খেলেছি। ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। তা সম্ভব হলে আমার বিশ্বাস আমরাই চ্যাম্পিয়ন হবো।”

“তবে কাজটা সহজ হবে না। কারণ শেখ রাসেলে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের হারানো খুবই কঠিন।”

মোহামেডানের অধিনায়ক রজনীকান্ত বর্মণ বলেন, “আমরা আন্ডারডগ হিসেবে এই টুর্নামেন্টে খেলতে এসেছিলাম। কিন্তু প্রমাণ করেছি যে দেশের ফুটবলারদের নিয়ে গড়া দলগুলোর মধ্যে আমরাই সেরা।”