সোমবার থেকে উইম্বলডন
টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডন শুরু হচ্ছে সোমবার থেকে। এবারের প্রতিযোগিতার ‘ড্র’-এ রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে এক অর্ধে পড়ে যাওয়ায় পুরুষ এককের লড়াইকে ঘিরে বাড়তি উত্তেজনা।
কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে উইম্বলডনের বর্তমান ও ৭ বারের চ্যাম্পিয়ন ফেদেরার এবং ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন নাদালের। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিন বার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তারা।
টেনিসের দুই মহাতারকার বিজয়ীর শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং বৃটিশদের ‘প্রিয় তারকা’ অ্যান্ডি মারে।
তুলনায় র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচের পথ বেশ মসৃণ। শেষ আটে তার সম্ভাব্য প্রতিপক্ষ সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ।
অনেকে তাই জোকোভিচকে ভাগ্যবান বলে মনে করছে। এই সার্বিয়ান তারকার ব্যক্তিগত মত অবশ্য ভিন্ন।
তিনি বলেন, “কেউ-কেউ হয়তো বলবে প্রতিযোগিতার ড্র-এর সময় আমি সৌভাগ্যের পরশ পেয়েছি। কিন্তু এটা গ্র্যান্ড স্লাম। তাই আমি মনে করি না শিরোপা জয়ের কোনো সহজ রাস্তা আছে।”
মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ের এক নম্বর ও গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কেরবার। শেষ আটে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা মুখোমুখি হতে পারেন সারা এরানির। আর তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে খেলতে হতে পারে পেত্রা কেভিতোভার বিপক্ষে।
