ইতালিকে হারিয়ে গ্রুপ-সেরা ব্রাজিল
ফিফা র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে যাওয়ার হতাশাকে পেছনে ফেলে ব্রাজিল ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। ইতালিকে ৪-২ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে খেলবে স্বাগতিকরা।
এই গ্রুপের অন্য ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার সান্ত্বনা পেয়েছে মেক্সিকো। ব্রাজিল, ইতালি, মেক্সিকো ও জাপানের পয়েন্ট যথাক্রমে ৯, ৬, ৩ ও ০।
দারুণ ছন্দে থাকা নেইমারের সঙ্গে আক্রমণভাগে ফ্রেডের বিপজ্জনক উপস্থিতির যোগফলে ব্রাজিলের জয়ের সোপান রচিত। এটা তাদের কনফেডারেশন্স কাপে টানা দশম এবং দ্বিতীয় বারের মতো কোচের দায়িত্ব নেয়া লুই ফেলিপে স্কলারির অধীনে টানা চতুর্থ জয়।
সালভাদরে বিরতির ঠিক আগে এগিয়ে যায় রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাঁ দিক থেকে উড়ে আসা নেইমারের ফ্রি কিকে হেড করেছিলেন ফ্রেড। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ঠেকিয়ে দিলেও দান্তের শট কেউ ঠেকাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতা নিয়ে আসে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মারিও বালোতেল্লির দারুণ এক ব্যাকহিল ফ্লিকে ফাঁকায় বল পেয়ে যান ইমানুয়েলে জিয়াক্কেরিনি। তার জোরালো শট ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজারকে ফাঁকি দিয়ে জালে চলে যায়।
এই সমতা অবশ্য বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই বক্সের ঠিক বাইরে ডান দিকে একটা প্রশ্নবিদ্ধ ফ্রি কিক আদায় করে নেন নেইমার। তবে সদ্য বার্সেলোনায় যোগ দেয়া এই ফরোয়ার্ডের গোল নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। বাঁক খাওয়ানো নিখুঁত শটটা দ্বিতীয় বারের কোণ দিয়ে প্রবেশ করতে দেখা ছাড়া আর কিছু করার ছিল না বুফনের।
