২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে ব্রাদার্স

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে রানার্স আপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডানের সংগ্রহ ৭ পয়েন্ট।

শুক্রবার প্রথম সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে ব্রাদার্স। পর দিন দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদলই প্রথম একাদশের বেশ কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে দুদল ছিল অতিরিক্ত সতর্ক, রক্ষণাত্মক। তারপরও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে প্রথমার্ধে। পঞ্চম মিনিটে ব্রাদার্সের স্ট্রাইকার জুয়েল রানা একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও ক্রস বারের ওপর দিয়ে মারেন। ২৪ মিনিটে আবার ব্রাদার্সের জন্য হতাশা। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জুয়েল শট নিলেও তা ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু। ৩১ মিনিটে মোহামেডানকেও একই রকম হতাশায় পুড়তে হয়। তাদের ফরোয়ার্ড আনিসুল আলম সুইটের ক্রস থেকে স্ট্রাইকার হেদায়েতুল্লাহ রবিনের প্লেসিং শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক সুজন চৌধুরী। এরপর আর কোনো দলই তেমন সুযোগ পায়নি। তাই গোলও হয়নি। তাতে অবশ্য ব্রাদার্সের কোনো ক্ষতি হয়নি। অনেক দিন পর গোপীবাগের দলটি কোনো প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নিয়েছে।