২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের দারুণ সূচনা

কনফেডারেশন্স কাপের শুরুতেই আনন্দে উদ্ভাসিত স্বাগতিক ব্রাজিল। শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জাপানকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 09:20 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

গত রোববার এক প্রীতি ম্যাচে ফ্রান্সকেও একই ব্যবধানে হারিয়েছিল লুই ফেলিপে স্কলারির দল।

দীর্ঘ ২১ বছর পর ফরাসীদের হারানোর অনুপ্রেরণা নিয়ে রাজধানী ব্রাসিলিয়ায় খেলতে নেমে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। তৃতীয় মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া নেইমারের বুলেট-গতির শট এগিয়ে দেয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

শুরুতে গোল পেয়ে উজ্জীবিত ব্রাজিল একের পর এক আক্রমণ করে গেলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি। সেজন্য দুর্ভাগ্যই দায়ী।

২৩ মিনিটে একটুর জন্য দ্বিতীয় গোল পায়নি বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি। ডান দিকে করা হাল্কের নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিচ্ছিলেন জাপানের এক ডিফেন্ডার।

৪০ মিনিটে আবার হাল্কের মাধ্যমে হতাশা। ডান দিক থেকেই নেয়া তার জোরালো শট জালের বাইরে জড়িয়ে যায়।

বিরতির মিনিট দুয়েক আগে নেইমারের ক্রস থেকে ফ্রেডের শট দারুণ দক্ষতায় এক হাত দিয়ে ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা।

প্রথমার্ধে প্রতিপক্ষের গতিময়, আক্রমণাত্মক ফুটবলের সামনে তেমন সুবিধা করে উঠতে পারেনি এশিয়া চ্যাম্পিয়নরা। শুধু একবার কেইসুকে হোন্ডার নিচু শট জুলিও সিজারের হাত ফস্কে বেরিয়ে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় ধরে ফেলেন ব্রাজিলের গোলরক্ষক। কাকতালীয়ভাবে, প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেও গোলের দেখা পায় ব্রাজিল। রাইট ব্যাক দানি আলভেসের ক্রস থেকে দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার পলিনিয়ো। দুই গোলে পিছিয়ে পড়ার পর জাপান খেলায় ফেরার চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। বরং শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে অস্কারের দারুণ এক থ্রু ধরে তৃতীয় গোল করে দলকে আনন্দে ভাসিয়ে দেন বদলি খেলোয়াড় জো। ব্রাজিলের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। গোল লাইন প্রযুক্তির প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল এটা। তবে এই প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়েনি।