ম্যান সিটির নতুন কোচ পেল্লেগ্রিনি
চিলির ম্যানুয়েল পেল্লেগ্রিনিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতালির রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হলেন তিনি।
৫৯ বছর বয়সী পেল্লেগ্রিনি স্পেনের মালাগা থেকে ম্যান সিটিতে যোগ দিতে যাচ্ছেন। সদ্য সমাপ্ত মৌসুমে মালাগাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়ার কৃতিত্ব তার। ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদেরও কোচ ছিলেন ‘ইঞ্জিনিয়ার’ নামে পরিচিত পেল্লেগ্রিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন ম্যান সিটিতে যোগ দিতে পেরে পেল্লেগ্রিনি দারুণ খুশি। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, “এমন রোমাঞ্চকর সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। মাঠের ভেতরে-বাইরে দুই জায়গাতেই সাফল্যের ব্যাপারে এই ক্লাবের পরিষ্কার একটা লক্ষ্য আছে। সে লক্ষ্য পূরণে অবদান রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”
