বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই
বিশ্বকাপ ফুটবলের জন্য সময়মতো ব্রাজিলের প্রস্তুত হতে না পারার শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফিফা মহাসচিব জেরম ভালকে।
ফুটবল-কিংবদন্তী পেলেকে সঙ্গে নিয়ে রিও ডি জেনিরো স্টেডিয়ামে বিশ্বকাপ শুরুর ক্ষণগণনার ঘড়ি উন্মোচন করার সময় ব্রাজিলের সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পেলে ব্রাজিলের সব মানুষকে জাতীয় দলের পাশে থাকার আহ্বান জানান।
কনফেডারেশন্স কাপ শুরু হওয়ার তিন দিন এবং বিশ্বকাপের ঠিক এক বছর আগে ভালকে বলেন, “বিমানবন্দরের সব টার্মিনাল এবং ১২টি স্টেডিয়ামের অসমাপ্ত কাজ শেষ করার জন্য ১২ মাস যথেষ্ট সময়। এই ১২টি স্টেডিয়ামেই বিশ্বকাপের খেলাগুলো হবে।”
ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো জানান, ডিসেম্বরের শেষ সময়সীমার মধ্যেই সব স্টেডিয়ামের কাজ শেষ হবে।
ক্রীড়ামন্ত্রীর কথার প্রেক্ষিতে ভালকে বলেন, “বিশ্বকাপ হবেই। এখানে কোনো ‘প্ল্যান বি’ নেই। এই ১২টি স্টেডিয়ামে হওয়া ছাড়া আর কোনো সমাধানও নেই।”
রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, বেলো হরিজন্তে এবং ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি শহরের স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে। দুই সপ্তাহ ধরে চলা কনফেডারেশন্স কাপ এই ৬টি স্টেডিয়ামেই হবে।
আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে শনিবার থেকে। আয়োজকদের জন্য এটা বিশ্বকাপের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরীক্ষার একটা বড় সুযোগ।
