শুক্রবার থেকে হকি ক্যাম্প
খেলোয়াড়দের চলমান আন্দোলনের মধ্যেই আগামী শুক্রবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
খেলোয়াড়রা জানিয়েছেন, ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রতিযোগিতা বা ক্যাম্পে তারা অংশ নেবেন না।
এশিয়া কাপের ক্যাম্প তারা বর্জন করলে শনিবার এক সভায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে হকি ফেডারেশন।
এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বলেন, “আমাদের বিশ্বাস, খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবে। তাদের প্রতি আমার আহ্বান, তারা যেন মাঠের খেলার দিকে মনযোগ দেয়। তাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।”
আপাতত স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি চলবে। ১৫ জুন থেকে ভারতীয় কোচ অজয় কুমার বানসাল জাতীয় দলের দায়িত্ব নেবেন।
গত ১৪ মে খেলোয়াড়রা ক্যাম্প বর্জন করেছিল। বাধ্য হয়ে সেদিনই ক্যাম্প স্থগিত ঘোষণা করেছিল হকি ফেডারেশন।
আগামী ২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়া কাপ হকি হবে।
