২৭ জুন হকি ফেডারেশনের নির্বাচন
আগামী ২৭ জুন হকি ফেডারেশনের নির্বাচন হবে। এবারের নির্বাচনে পদের সংখ্যা ২৭টি।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ৪ জুন প্রকাশ করা হবে। এর ওপর আপত্তি গ্রহণ করা হবে ৫ ও ৬ জুন। খসড়া ভোটার তালিকার শুনানি ৯ ও ১০ জুন। আর ১২ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
মনোনয়নপত্র দেয়া হবে ১৩ জুন। জমা দেয়ার শেষ তারিখ ১৬ জুন। ১৭ জুন মনোনয়নপত্রের বাছাই এবং পরদিন বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপরে শুনানি। ১৯ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ জুন।
এদিকে রোববার হকি ফেডারেশনের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাজেদ এ আদেল। তিনি বলেন, “এনএসসি মনোনীত পাঁচ জন কাউন্সিলরই আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত। এটা পরিবর্তন করার জন্য ফেডারেশন সভাপতির কাছে দাবি জানানো হয়েছিল। কিন্তু তিনি এ নিয়ে কোনো পদক্ষেপ নেননি। এই অবস্থায় ফেডারেশনে থাকার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না।”
শনিবার ফেডারেশনের আরো দুই সহ-সভাপতি খন্দকার জামিলউদ্দিন ও কে এম আর মঞ্জুর এবং তিন সদস্য শফিকুল ইসলাম লিটু, নাজিরুল ইসলাম নাজু ও সুলতানউদ্দিন আহমেদ পদত্যাগ করেন।
