বায়ার্ন মিউনিখের ‘ইতিহাস’
প্রথম জার্মান ক্লাব হিসাবে এক মৌসুমে তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব এখন বায়ার্ন মিউনিখের অধিকারে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ভিএফবি স্টুটগার্টকে ৩-২ গোলে হারিয়ে জার্মান কাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা।
এ মৌসুমে জার্মান বুন্দেসলিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের ৩৭ মিনিটের সময় পেনাল্টি থেকে এগিয়ে দেন টমাস মুলার।
৪৮ ও ৬১ মিনিটে মারিও গোমেজের দুই গোলে ব্যবধানে হয়ে যায় ৩-০। বায়ার্ন সমর্থকরা তখনই ‘ট্রেবল’ অর্থাৎ এক মৌসুমে তিনটি শিরোপা-উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে।
কিন্তু স্টুটগার্ট হাল ছেড়ে দেয়নি। ৭১ ও ৮০ মিনিটে মার্টিন হার্নিকের দুই গোলে খেলা জমিয়ে তোলে তারা।
তবে ফাইনালে সমতা আর ফেরাতে পারেনি স্টুটগার্ট। বাকি সময়টা কোনো রকমে কাটিয়ে আরেকটি শিরোপার আনন্দে ভেসে যায় জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ।
