২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির নৈপুণ্যে শিরোপার কাছাকাছি বার্সা

দু-দুবার পিছিয়ে পড়েও লিওনেল মেসির দুই গোলে রিয়াল বেতিসকে ৪-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 09:46 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

৩৪ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৮৮ পয়েন্ট। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আর চারটি করে ম্যাচ বাকি থাকায় পরের ম্যাচে জিতলেই বার্সা চ্যাম্পিয়ন।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মাঠে নামেননি মেসি, গ্যালারিতে বসে দেখেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে দলের ৩-০ গোলের লজ্জাজনক হার। রোববারও শুরু থেকে সাইড বেঞ্চে ছিলেন চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে দ্বিতীয়ার্ধে নেমে মেসিই দলের জয়ের নায়ক।

ঘরের মাঠ নিউ ক্যাম্পে দ্বিতীয় মিনিটেই দোরলান পাবনের গোলে পিছিয়ে পড়ে বার্সা। নবম মিনিটে সমতা নিয়ে আসেন অ্যালেক্সিস সানচেজ।

বিরতির দুই মিনিট আগে রুবেন পেরেজের লক্ষ্যভেদে আবার এগিয়ে যায় বেতিস। ৫৬ মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় বারের মতো সমতায় ফেরান ডেভিড ভিয়া।

এরপরই মাঠে নামেন মেসি এবং নেমেই পাল্টে দেন খেলার চেহারা। ৬০ মিনিটে বার্সাকে ম্যাচে প্রথম বারের মতো এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। ৭১ মিনিটে আবার মেসির গোল এবং বার্সার তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যাওয়া।

রোববারের সাফল্যে টানা দ্বিতীয় বারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়া প্রায় নিশ্চিত মেসির। তার গোল এখন ৪৬টি। ৩৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো অনেকখানি পেছনে।