ওয়ালকটের ২০ সেকেন্ডের গোল
মাত্র ২০ সেকেন্ডে গোল করে থিও ওয়ালকট এখন এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের মালিক। ওয়ালকটের দুর্দান্ত কীর্তির সৌজন্যে কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে ১-০ গোলের জয় পেয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
সদ্য ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী গ্যারেথ বেলের ৮৬ মিনিটে করা চমৎকার গোলের সুবাদে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পার একই ব্যবধানে সাউথহ্যাম্পটনকে হারিয়েছে। তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইও জমে উঠেছে।
৩৬ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে পঞ্চম স্থানে।
৩৪ ম্যাচ থেকে চেলসিরও ৬৫ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থাকায় তাদের অবস্থান চতুর্থ। চেলসি রোববার খেলবে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা ম্যানচেস্টার ইউনাইটেডের (৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট) বিপক্ষে।
শনিবারের আরেক ম্যাচে অতিথি ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি।
ইংলিশ লিগ থেকে তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়। চতুর্থ দল খেলে বাছাই পর্বে।
